বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও অংশ নেবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারও প্রকাশ করা হবে।
এ ছাড়া বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিটও ১ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠার পেছনে স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্রের বিষয়গুলোকে প্রত্যয় হিসেবে সামনে রাখা হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি এসব বিষয়কে স্মরণ করছে।
