মক্কা প্যাক্টে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।
শামা ওবায়েদ বলেন, মক্কা প্যাক্টে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জোটটিতে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের স্বার্থকে বিবেচনায় রাখা হবে।
তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচকভাবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।
এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য নিয়েও সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে শামা ওবায়েদ বলেন, ওই মন্তব্য আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।
