লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনাকে ৫-২ ব্যবধানের জয় এনে দেওয়ার পাশাপাশি দুটি বড় রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার রেকর্ড এখন বার্সেলোনার এই তরুণ তারকার।
গত সোমবার রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে ইয়ামাল বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন ২১তম মিনিটে। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের পঞ্চম গোলটি করেন তিনি।
বার্সেলোনার হয়ে ইয়ামালের পাশাপাশি জোড়া গোল করেন রাফিনহা। প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে আসে দলের আরেকটি গোল। তবে দুই গোল করে ম্যাচের মূল আকর্ষণ হয়ে ওঠেন ১৯ বছর বয়সী ইয়ামাল।
রায়ো ভায়োকানোর বিপক্ষে দ্বিতীয় গোলটির মাধ্যমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়ায় ৫১টি। এর মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোল করার রেকর্ড গড়েন তিনি।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ১৯ বছর ২৪১ দিন বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এমবাপ্পে।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড। তিনি ২০ বছর ১৯৬ দিন বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোল পূর্ণ করেছিলেন।
ইয়ামালের রেকর্ড শুধু ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই সীমাবদ্ধ থাকেনি। বার্সেলোনার ইতিহাসেও সবচেয়ে কম বয়সে ৫০ গোল করার কীর্তি গড়েছেন তিনি।
এর আগে ১৯৩৫ সালে জোসেপ এস্কোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সেলোনার হয়ে ৫০ গোল করে এই রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ ৯১ বছর ধরে অক্ষত ছিল সেই রেকর্ড।
বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিও ইয়ামালের চেয়ে বেশি বয়সে ক্লাবটির হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। মেসি ২১ বছর ১২০ দিন বয়সে বার্সেলোনার জার্সিতে ৫০ গোল পূর্ণ করেন।
ফলে এস্কোলা ও মেসিকে পেছনে ফেলে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ গোল করা ফুটবলার এখন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই এমন কীর্তি গড়ে তরুণ এই স্প্যানিশ তারকা নিজের অবস্থান আরও শক্ত করেছেন।
