দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাটারের জোরালো স্ট্রেইট ড্রাইভের বল মুখের পাশে আঘাত করায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
গত সোমবার দিল্লিতে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে বোলার আশিষ মিনার করা বলটি পান ব্যাটার লক্ষয় থারেজা। সুযোগ না দিয়ে তিনি জোরালো স্ট্রেইট ড্রাইভ করেন।
শটটি এত দ্রুত আম্পায়ারের দিকে ছুটে যায় যে, ভরদ্বাজের সরে যাওয়ার সুযোগ ছিল না। মুহূর্তের মধ্যেই বলটি তাঁর মুখের পাশের অংশে আঘাত করে।
ঘটনার পরপরই মাঠে ছুটে যান চিকিৎসাকর্মীরা। ধারাভাষ্যকাররা জানান, ম্যাচের আগেও একবার বলের আঘাত পেয়েছিলেন ভরদ্বাজ। তবে এবার মুখের পাশে আঘাত লাগায় তাঁর আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়।
ভরদ্বাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন আম্পায়ার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পরে হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এবং আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিল্লি প্রিমিয়ার লিগ ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। দিল্লিতে আয়োজিত এ টুর্নামেন্টে ভারতের উদীয়মান ক্রিকেটাররা অংশ নেন। তবে ম্যাচের ফলাফলের চেয়ে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আহত হওয়ার ঘটনাই আলোচনায় এসেছে।
