নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। একপর্যায়ে হঠাৎ চার-পাঁচজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়ায়। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষক ও সহপাঠীরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসকেরা তাদের পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাজ উদ্দিন (১১), জামেলা বেগম (১৪), ফারহানা আক্তার (১৪) ও পারভিন আক্তার (১৩)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারালে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। তবে পরবর্তী সময়ে অসুস্থ হওয়া কয়েকজনের জ্ঞান না ফেরায় তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম নিলয় বলেন, শিক্ষার্থীদের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিদ্যালয়ে কোনো ঝাঁঝালো গন্ধের কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও থানার ওসি মো. কবির হোসেন।
ওসি জানান, হঠাৎ ঝাঁঝালো গন্ধের উৎস কী এবং এটি ক্ষতিকর গ্যাস লিকেজ বা কোনো রাসায়নিক পদার্থ থেকে ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে মানুষের ভিড় জমায়। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
