অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আসরটিকে সামনে রেখে ১৩ জন আন্তর্জাতিক ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শেষে কিউইরা সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া রাজ্য দল এবং নেপাল জাতীয় দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচও খেলবে।
২০২২ সালে যাত্রা শুরু করা টপ এন্ড টি-টোয়েন্টি মূলত উদীয়মান ক্রিকেটার ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের খেলোয়াড়দের বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত। এবারের আসর অনুষ্ঠিত হবে ২১ থেকে ৩০ আগস্ট ডারউইনে। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলসহ মোট নয়টি দল এতে অংশ নেবে।
অন্য অংশগ্রহণকারী দলগুলো হলো নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসমেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল ও ফাইনালের আগে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ২৭ আগস্ট বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ‘এ’।
নিউজিল্যান্ড ‘এ’ দলে থাকা ১৩ আন্তর্জাতিক ক্রিকেটার হলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, জেডেন লেনক্স, বেন লিস্টার, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, মুহাম্মদ আব্বাস, টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, বেভন জ্যাকবস এবং রিস মারিউ।
দলের স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স। তাঁর সঙ্গে থাকছেন লেগ স্পিনার আদিত্য অশোক এবং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। পেস বিভাগে রয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথু ফিশার, বেন লিস্টার ও জাক গিবসন। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার মুহাম্মদ আব্বাস ও জশ ক্লার্কসনও বোলিং আক্রমণকে শক্তিশালী করবেন।
এত অভিজ্ঞ দল পাঠানোর কারণ ব্যাখ্যা করে নিউজিল্যান্ড হাই পারফরম্যান্স ডেভেলপমেন্ট প্রধান পিট সানফোর্ড বলেন, “নিউজিল্যান্ড শীতকালীন সময়ে অস্ট্রেলিয়ার ঘাসের উইকেটে খেলার মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে শুরু হতে যাওয়া ঘরের মাঠের আন্তর্জাতিক মৌসুমের জন্য চমৎকার প্রস্তুতি নিতে পারবে। এমন একটি শক্তিশালী দল ঘোষণা করতে পারা আনন্দের এবং এটি আমাদের দলের গভীরতাকেই প্রমাণ করে।”
অন্যদিকে, মালয়েশিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের স্কোয়াড ঘোষণা করা হবে। ওই সিরিজে থাকা অধিকাংশ ক্রিকেটারই টপ এন্ড টি-টোয়েন্টিতে অংশ নেওয়া এইচপি দলে সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।
