মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও বিভিন্ন বৈঠকের তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর মোট ১২টি কর্মসূচি নির্ধারিত ছিল। এর মধ্যে তিনি সরাসরি ১০টিতে অংশ নেন। সময়সূচির কারণে কয়েকটি কর্মসূচিতে তাঁর পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।
প্রথম দিনের কর্মসূচিতে বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়।
এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
