প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের তথ্য জানান।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে এরদোয়ানের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের বিভিন্ন দিক এবং ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ড. মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, বৈঠকটিকে গঠনমূলক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনী বিজয় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রথম দিনের কর্মসূচিতে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ ছাড়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গেও রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
