যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের তিন দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সার্জিও গর জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনায় “অনেক ইতিবাচক অগ্রগতি” হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছানোর পর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার পর উভয় দেশের প্রতিনিধিদল নিয়ে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সার্জিও গর ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রায় ২০ মিনিট একান্তে আলোচনা করেন।
সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দিয়েছেন। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সার্জিও গর লেখেন, “আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত। অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে।”
সফরকালে দুই দেশের কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
