চলতি বছরে আক্রান্ত ছাড়াল ১০ হাজার, মৃত্যু বেড়ে ৩৩ জনে
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৭৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের জেলাগুলোতে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন এবং বরিশাল বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জনে। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৭ জন রোগী।
এদিকে সর্বশেষ একজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
