ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত তেহরানের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ আনার পর এবার আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন চুক্তির শর্তগুলো বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তেহরানও নিজেদের সব ধরনের প্রতিশ্রুতি স্থগিত করেছে।
শনিবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, বাস্তব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের অধীন থাকা সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং কার্যত চুক্তিটিকে অকার্যকর করে তুলেছে।
ঘারিভাবাদির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে ইরানও চুক্তির আওতায় থাকা নিজেদের সব দায়বদ্ধতা বাস্তবায়ন স্থগিত করেছে। ফলে ভবিষ্যতে এই সমঝোতা স্মারকের শর্তাবলি মেনে চলার বাধ্যবাধকতা আর তাদের নেই।
এর আগে বিভিন্ন সময়ে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন যে, যুক্তরাষ্ট্র বারবার চুক্তির শর্ত ভঙ্গ করছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছিলেন, মার্কিন পদক্ষেপ অব্যাহত থাকলে ইরানও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। তবে এবারই প্রথমবারের মতো তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে সমঝোতা স্মারকটির কার্যকারিতা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তির কোনো ধারা বা শর্ত ভবিষ্যতে বাস্তবায়নের পরিকল্পনা তাদের নেই। ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
