লিড: বলিউড তারকা কাজল জানিয়েছেন, তিনি নিয়মিত বাংলা সিনেমা দেখেন না। তবে উপযুক্ত সময় ও সুযোগ পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয়তা ধরে রাখা অভিনেত্রী কাজল সম্প্রতি আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মানে ভূষিত হয়েছেন। শুক্রবার পুরস্কার গ্রহণের পর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
বাংলার সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকলেও বাংলা ভাষায় তেমন সাবলীল নন কাজল। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। জবাবে অভিনেত্রী সরাসরি বলেন, “না”। তবে ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বরং সময় ও সুযোগ অনুকূলে থাকলে বাংলা সিনেমায় কাজ করার আগ্রহের কথা জানান।
আলাপচারিতায় উঠে আসে তার মা, খ্যাতিমান অভিনেত্রী তনুজার প্রসঙ্গও। হিন্দি ও বাংলা—দুই চলচ্চিত্র অঙ্গনেই তনুজা সমানভাবে পরিচিত ছিলেন। মায়ের মতো সাফল্য অর্জন করতে পেরেছেন কি না জানতে চাইলে কাজল বলেন, “এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।”
নিজের কর্মজীবনের অভ্যাস সম্পর্কে কথা বলতে গিয়ে কাজল জানান, তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তার ভাষায়, “আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।”
উল্লেখ্য, এ বছরের ‘বছরের বেস্ট’ পুরস্কার পেয়েছেন কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও কয়েকজন তারকা ও সংস্কৃতিকর্মী।
