দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা ছিলেন। অপর দুজনের একজন বরিশাল বিভাগ এবং অন্যজন ময়মনসিংহ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে।
এদিকে, বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
