ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করেছে দলটি।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম দলীয় নেতাদের এ বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ ছাড়া ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে আন্দোলন গড়ে তোলা, জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গ উল্লেখ করে তাদের নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি ও প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়।
সভায় এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
