কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেশরিয়া বিল এখন শ্বেতপদ্মের অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে। বিস্তীর্ণ জলাশয়জুড়ে ফুটে থাকা হাজারো সাদা পদ্ম আর সবুজ পাতার সমন্বয়ে মনোরম হয়ে উঠেছে বিলের পরিবেশ। প্রতিদিন সকাল ও বিকেলে এই দৃশ্য দেখতে সেখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী প্রকৃতিপ্রেমী মানুষ।
নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজারসংলগ্ন বিস্তীর্ণ এলাকায় কেশরিয়া বিলের অবস্থান। গত কয়েক বছর ধরে এখানে প্রাকৃতিকভাবে জন্মাচ্ছে বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ শ্বেতপদ্ম। গ্রীষ্মকাল থেকে ফুল ফোটা শুরু হয়ে শরৎকাল পর্যন্ত তা দেখা যায়। শরতের সময় শ্বেতপদ্মের সমারোহ আরও বেড়ে যায়।
বিলের পানিতে ভেসে থাকা বড় বড় গোলাকার সবুজ পাতার মাঝে ডাঁটার ওপর ফুটে আছে অসংখ্য শ্বেতপদ্ম। পুরো জলাশয়জুড়ে হাজার হাজার পদ্মফুল ফুটে থাকায় বিলটি যেন সবুজ ও শুভ্রতার এক অনন্য দৃশ্যে পরিণত হয়েছে।
ভোরের সময় কেশরিয়া বিলের সৌন্দর্য আরও বেড়ে যায়। কুয়াশা ও শিশিরে পদ্মের পাপড়ি ঝলমল করে ওঠে। হালকা বাতাসে শান্ত পানির ওপর একসঙ্গে দুলতে থাকে অসংখ্য ফুল। নৌকায় করে বিলের ভেতরে গেলে কাছ থেকে শ্বেতপদ্মের সৌন্দর্য উপভোগ করা যায়।
স্থানীয় বাসিন্দা শোভা ও সবিতা রায় বলেন, কেশরিয়া বিল প্রকৃতির সৌন্দর্যের এক অফুরন্ত ভাণ্ডার। শরৎকালে এখানে শ্বেতপদ্মের সমারোহ বাড়ে এবং প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ এই দৃশ্য দেখতে আসেন।
কলেজ শিক্ষক সঞ্জীব রায়ের ভাষ্য, শ্বেতপদ্ম পবিত্রতা, শুভ্রতা ও আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক। সনাতন ধর্মে এই ফুলকে পবিত্র হিসেবে গণ্য করা হয় এবং দেবী সরস্বতী ও লক্ষ্মীর আসন হিসেবেও এর ব্যবহার রয়েছে।
উন্নয়নকর্মী ফরিদুল জুলফিকার বলেন, পদ্মবিল ও পদ্মফুল লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাস্তুসংস্থানের পাশাপাশি পদ্মমধু সংগ্রহ ও পদ্মবীজ ব্যবহারের মাধ্যমে স্থানীয় মানুষের জীবিকার সুযোগও তৈরি হতে পারে। তাঁর মতে, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তা সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ।
