প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তাঁর অফিস থেকে আপনারা জানতে পারবেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সফর নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে বলে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন।
সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ভারত ২১ আগস্ট প্রস্তাব করেছিল। এর পাশাপাশি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোটের সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে ভারতের পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া।
ঢাকার প্রত্যাশা অনুযায়ী এসব বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছিলেন, ভারত চাইলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ কাজে লাগাতে পারে। তবে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের বিষয়ে মঙ্গলবার তিনি কোনো নতুন তথ্য দিতে পারেননি।
