এশিয়ান গেমসে নারীদের রোড রেসে রুপার পদক জিতেছেন আফগানিস্তানের সাইক্লিস্ট ফারিবা হাশিমি। মঙ্গলবার জাপানের নাগোয়ার কাছে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বিতীয় হন ইতালিতে বসবাসকারী ২৩ বছর বয়সী এই সাইক্লিস্ট।
তালেবান শাসনে আফগান নারীদের স্বাধীনতা ও খেলাধুলায় অংশগ্রহণের ওপর নানা বিধিনিষেধের মধ্যেই হাশিমির এই অর্জন এসেছে। তিনি মনে করেন, তার সাফল্য অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারে।
কিশোর বয়সে সাইক্লিং শুরু করার সময় হাশিমিকে পাথর ছুড়ে আক্রমণের শিকার হতে হয়েছিল। খেলায় টিকে থাকার জন্য তাকে ও তার বোন ইউলদুজ হাশিমিকে পুরুষের ছদ্মবেশে অনুশীলন করতে হয়েছিল। ইউলদুজও বর্তমানে একজন পেশাদার সাইক্লিস্ট।
হাশিমি বলেন, তিনি এমন একটি দেশে জন্মেছেন, যেখানে স্বপ্ন দেখা নারীদের আক্রমণের শিকার হতে হয়। তিনি আশা করেন, ভবিষ্যৎ প্রজন্ম কোনো ভয় ছাড়াই আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারবে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর নারীদের শিক্ষা, জনজীবন ও খেলাধুলায় অংশগ্রহণের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। উত্তর আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের বাসিন্দা হাশিমি পরে দেশ ছাড়েন।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির আলেসান্দ্রা কাপেলোত্তোর সহায়তায় আফগানিস্তান ছাড়ার পর ইতালিতে আশ্রয় নেন হাশিমি। বর্তমানে সেখানেই তিনি বসবাস ও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও অংশ নিয়েছিলেন ফারিবা হাশিমি ও তার বোন ইউলদুজ। এখন তাঁদের লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। হাশিমি জানিয়েছেন, তিনি হাল ছাড়তে চান না এবং ভবিষ্যতেও ভালো করার আশা করছেন।
এশিয়ান গেমসে অংশ নেওয়ার আগে তাঁর প্রস্তুতিও ছিল সীমিত। তিনি জানান, কোনো মেকানিক বা পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নেন। তাঁরা নিজেরাই সাইকেল ঠিক করেছেন এবং তিনি নিজেই নিজের বাইক পরিষ্কার করেছেন।
প্রতিযোগিতায় সহযোগিতার জন্য জাপানের দলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হাশিমি। তাঁর ভাষ্য অনুযায়ী, জাপানি দল তাঁর বাইক ঠিক করে দিতে সহযোগিতা করেছে।
