কুমিল্লার নাঙ্গলকোটে দাম্পত্য কলহের জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নবদম্পতি। তাদের মধ্যে স্বামী নয়ন হোসেন (২১) হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্ত্রী বর্ষা বেগম (২৪) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর বাজারের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। বিষপানের পর দুজনকে দ্রুত নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়ন হোসেনের মৃত্যু হয়। বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তার স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে কী কারণে তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন।
নয়নের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার জানান, বিয়ের পর তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছিল কি না, তা তারা জানেন না।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন জানান, বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে তাদের পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়নের কোনো জীবনচিহ্ন পাওয়া যায়নি। বর্ষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করেছেন বলে জানা গেছে। এতে নয়ন হোসেনের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
