রাজধানী দিল্লিতে চলমান রাজনৈতিক ও সামাজিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার করতে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
ডিএমআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে—লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।
গত সোমবার ও মঙ্গলবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভ ও সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বৃদ্ধি পায়। একই সময়ে কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এ ছাড়া ভারত-যুক্তরাষ্ট্র কৃষি চুক্তির বিরোধিতায় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজধানীর অভ্যন্তরে চলমান বিক্ষোভে বাইরের আন্দোলনকারীদের অংশগ্রহণ সীমিত রাখা এবং তাদের চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে আরও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
ডিএমআরসি জানিয়েছে, বন্ধ ঘোষিত স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ আপাতত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট রুটে মেট্রো ট্রেন চলাচল অব্যাহত থাকবে এবং ট্রেনগুলো এসব স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করবে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ সেবাসংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
