দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭ শিশু। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০৩ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৮০৩।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৪। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭।
এ সময় নতুন করে ৮৩৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৮৩ জন।
অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে। এর মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।
