যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করাই হওয়া উচিত রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধের অংশ।
শনিবার (১৮ জুলাই) সকালে বরিশালে বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেয়া জামায়াতের প্রত্যেক কর্মীর নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জনসেবাকে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে নিতে হবে। মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। এজন্য মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
পথসভায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন।
পরে বরিশালের উদ্দেশে যাত্রাবিরতির সময় আয়োজিত এই পথসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী ড. ফয়জুল হক, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম মৃধা, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা এনামুল হক, ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম এবং মাদারীপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মেজবা উদ্দিন আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।
