প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁওস্থ ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড, বিভিন্ন খাতে গৃহীত উদ্যোগ, বাস্তবায়নের অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও এতে অংশ নেবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
