দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বাহিনীর দাবি, একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিকৃত করে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তবে এসব প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে বলা হয়, নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ কয়েকটি এলাকার বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাহিনীর সদস্যদের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয় ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও মাঠপর্যায়ে সদস্যরা দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়ে যাচ্ছেন। তাদের দাবি, সাধারণ মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। এর উদাহরণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন স্টেডিয়াম ও স্থাপনার নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীর ওপর অর্পণের বিষয়টি উল্লেখ করা হয়। সম্প্রতি একটি পডকাস্টে বিসিবি পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদও আনসার সদস্যদের কার্যক্রমের প্রশংসা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরেও ব্যাখ্যা দিয়েছে বাহিনী। তাদের দাবি, গত ১২ জুলাই হাসপাতালের সংরক্ষিত এলাকায় নিয়মবহির্ভূতভাবে একটি মোটরসাইকেল রাখা নিয়ে ওই ঘটনার সূত্রপাত হয়। দায়িত্বরত আনসার সদস্য মোটরসাইকেল নির্ধারিত স্থানে রাখার অনুরোধ জানালেও সংশ্লিষ্ট ব্যক্তি তা উপেক্ষা করেন। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর ঘটনাটির নিষ্পত্তি হয় বলে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের ৫০০ উপজেলায় বর্তমানে পাঁচ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার কারণে কিছু অপরাধী ও দালালচক্র ক্ষুব্ধ হয়ে অপপ্রচারে জড়িত থাকতে পারে বলে দাবি করা হয়েছে।
আনসার বাহিনী বলছে, হাসপাতাল, চিকিৎসক ও সাধারণ সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করে যাচ্ছে। বাহিনীর বিরুদ্ধে চালানো অপপ্রচার সাধারণ মানুষ গ্রহণ করেনি বলেও তাদের দাবি। একই সঙ্গে ভবিষ্যতেও জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রেখে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
