সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের গত ১৭ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়েছে। পরে ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ নির্দেশনার ধারাবাহিকতায় ডিএমপি সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। ডিএমপির চিঠিতেও দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
