হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তিন কর্মীর আর্থিক বিবরণীতে উপহারের তথ্য উঠে এসেছে। সেখানে অর্থগুলোকে ‘ছুটি কাটানোর নগদ উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উপহার পাওয়া তিনজন হলেন ট্রাম্পের সহযোগী নাটালি হার্প, চেম্বারলেন হ্যারিস ও মার্গো মার্টিন।
নাটালি হার্প ২০২২ সালে ট্রাম্পের সহযোগী হিসেবে হোয়াইট হাউসে যোগ দেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা ও সমালোচনা হয়েছে।
এর একটি কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের তুলনায় প্রেসিডেন্টের সঙ্গে হার্পকে বেশি দেখা যাচ্ছিল।
হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই তিন নারী কর্মীর প্রত্যেকের বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার।
নগদ উপহারের বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে তাঁর ঘনিষ্ঠ পরিমণ্ডলের ব্যক্তিদের বড়দিনের উপহার দিয়ে আসছেন। সরকারি দায়িত্বে থাকা কর্মী ও সহযোগীরাও কখনো কখনো এসব উপহার পেয়েছেন। হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, এসব উপহারের সঙ্গে সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নেই।
তবে ট্রাম্পের দেওয়া এই নগদ উপহারের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হোয়াইট হাউসের নৈতিকতাবিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টার।
তিনি বলেন, ফেডারেল আইনে সরকারি কর্মীদের বেতনের বাইরে অতিরিক্ত অর্থ দেওয়ার ওপর বিধিনিষেধ রয়েছে।
সূত্র: সিএনএন
