নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৪৫) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আলতা বেগম খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আলতা বেগম ২০১১ সালে ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এরপর ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে হেরে যান। ওই সময়ের পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ২০২১ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর বেশ ভালোভাবেই চলছিল তার জীবন।
প্রায় দুই বছর আগে আলতা বেগমের স্বামীর আকস্মিক মৃত্যু হয়। এরপর তার মধ্যে আবারও মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয় বলে স্বজনদের দাবি।
স্বজনদের ভাষ্য, শুক্রবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, মানসিক সমস্যার কারণে আলতা বেগম বেশির ভাগ সময় বিষণ্ণ থাকতেন।পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
