ঢাকা: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার আরও ১০টি জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রেল উন্নয়ন ও যোগাযোগ সংক্রান্ত পর্যালোচনা সভার পর এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, সভায় রেল সেবার বর্তমান অবস্থা, সার্বিক যোগাযোগ ব্যবস্থা, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী রেলওয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম পর্যালোচনা করে সেবার মান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
চলমান ও নতুন প্রকল্প
মন্ত্রী জানান, আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগসহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এছাড়া ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপন প্রকল্প অনুমোদিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটের রেল অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেটের মধ্যবর্তী মিটার গেজ লাইনগুলোকে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে উন্নীত করা হবে, যাতে যোগাযোগের বিদ্যমান ঘাটতি দূর হয়।
৬৪ জেলায় রেলের লক্ষ্য
বর্তমানে দেশের ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুসারে সব ৬৪টি জেলায় রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে যেসব জেলায় এখনও পর্যাপ্ত রেল সংযোগ নেই, সেখানে সম্ভাব্য রুট ও সম্প্রসারণ পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।
ঢাকাকেন্দ্রিক কমিউটার ট্রেন
মন্ত্রী বলেন, ঢাকার আশপাশের এলাকায় কমিউটার ট্রেন সেবা চালু ও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। মানিকগঞ্জের উদাহরণ দিয়ে তিনি বলেন, রাজধানীর এত কাছে হওয়া সত্ত্বেও এ জেলায় এখনও রেল যোগাযোগ নেই।
ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটের মতো ঢাকা-মানিকগঞ্জ ও ঢাকা-নরসিংদী রুটেও কমিউটার রেল সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এতে আশপাশের জেলার বাসিন্দারা কাজ, ব্যবসা ও দৈনন্দিন কাজে দ্রুত ঢাকায় যাতায়াত করতে পারবেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে রেল সেবার মান উন্নয়ন ও দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে সরকার দ্রুত কাজ করে যাচ্ছে।
