পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে বিশাল একটি খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত একটি এলাকায় ১৮ দিনের অভিযান চালিয়ে গবেষণা জাহাজ ‘সিয়াংইয়াংহং ১০’ থেকে এই খনিজ ক্ষেত্র শনাক্ত করা হয়।
গবেষকেরা ডুবোযানের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরে নতুন এই খনিজ ক্ষেত্রের সন্ধান পান। হাইড্রোথার্মাল ভেন্ট বা উত্তপ্ত সামুদ্রিক জলউৎস থেকে সংগ্রহ করা আকরিকের প্রাথমিক পরীক্ষায় স্বর্ণ ও রূপার উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া গেছে।
কিছু নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ এবং ১ হাজার ২৭১ গ্রাম রূপা পাওয়া গেছে। গবেষকদের তথ্য অনুযায়ী, এসব পরিমাণ স্থলভাগের অনেক খনিতে পাওয়া স্বর্ণ ও রূপার তুলনায় বেশি।
এই খনিজ ভান্ডারে স্বর্ণ ও রূপার পাশাপাশি তামা, দস্তা এবং প্রচুর পলিমেটালিক সালফাইড রয়েছে। গবেষকদের মতে, এসব খনিজ বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনিজ আমানতের সমতুল্য হতে পারে।
গবেষকেরা ওই চরম পরিবেশের আশপাশে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর উপস্থিতিও লক্ষ্য করেছেন। তবে সমুদ্রের গভীরে অত্যধিক চাপ ও জটিল পরিবেশের কারণে আবিষ্কৃত সম্পদ এখনই উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা।
সূত্র: গ্লোবাল টাইমস।
