মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেডে প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তা অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জে পৌঁছে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা বাক্বিতণ্ডার পর বিকেল ৫টার দিকে নেতারা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে যাত্রা করেন।
এনসিপির গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলটির নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে পুলিশ তাঁদের সামনে এগিয়ে যেতে নিরুৎসাহিত করে এবং ব্যারিকেড দিয়ে গাড়িবহর আটকে দেয়। ফলে নেতাকর্মীরা চা–কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
এর আগে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর এলাকায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
১৪৪ ধারা কার্যকর হওয়ার পরও এনসিপির নেতারা হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন এবং শ্রীমঙ্গল থেকে রওনা দেন। পথে পুলিশি বাধার মুখে পড়লেও পরে তাঁরা ব্যারিকেড অতিক্রম করে যাত্রা অব্যাহত রাখেন।
এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
