যুক্তরাষ্ট্রের সামরিক সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর প্রধান সম্পাদক এরিক স্লাভিন ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক লারা কোরটেকে বরখাস্ত করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সম্পাদকীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও সম্ভাব্য সেন্সরশিপের বিরোধিতা করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে ‘অবাধ্যতা’র অভিযোগ আনা হয়েছে।
পত্রিকাটির প্রকাশক ম্যাক্স লেডেরারকেও বরখাস্ত করা হয়েছে। এর কয়েক দিন আগে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
পেন্টাগনের আংশিক অর্থায়নে পরিচালিত স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর প্রধান সম্পাদক এরিক স্লাভিন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সামরিক বাহিনীর সম্ভাব্য সেন্সরশিপের বিরোধিতা করে দেওয়া একটি সাক্ষাৎকারের কারণে তাঁকে ‘অবাধ্যতা’র অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সিবিএসকে দেওয়া ওই সাক্ষাৎকারে স্লাভিন বলেছিলেন, সামরিক সদস্যদের জন্য প্রকাশিত সংবাদে সেন্সরশিপ আরোপ করা হলে সেটি হবে একটি ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা লঙ্ঘন। একই সাক্ষাৎকারে লারা কোরটেও অংশ নিয়েছিলেন।
স্লাভিন বলেন, আইন ও প্রতিরক্ষা বিভাগের নিজস্ব নীতিমালার প্রতি তিনি সমর্থন রাখেন। তবে স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর সম্পাদকীয় স্বাধীনতা বজায় থাকা উচিত।
স্লাভিনকে বরখাস্তের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল প্রেসক্লাব। সংগঠনটির প্রেসিডেন্ট মার্ক শফ জুনিয়র ঘটনাটিকে সামরিক বাহিনী নিয়ে সংবাদ পরিবেশনের ওপর পেন্টাগনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তিনি সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানান।
স্লাভিন জানান, তাঁকে অব্যাহতির নোটিশে ‘অবাধ্যতা’র কথা বলা হয়েছে। একই নোটিশ পেয়েছেন প্রকাশক লেডেরার ও প্রতিবেদক কোরটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরটে লিখেছেন, স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর হয়ে কাজ করার বিষয়টি তিনি সিবিএসের এক প্রতিবেদককে জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, তিনি পেন্টাগন, প্রশাসন বা কোনো নীতিনির্ধারকের হয়ে কাজ করেন না।
ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে সংবাদমাধ্যমের সঙ্গে সংঘাত বেড়েছে। এর মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের পেন্টাগনে প্রবেশের সুযোগও ব্যাপকভাবে সীমিত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল, অ্যাসোসিয়েটেড প্রেস ও নিউইয়র্ক টাইমসের সঙ্গেও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও আইনি বিষয়ে প্রশাসনের বিরোধ তৈরি হয়েছে।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর দীর্ঘদিনের প্রকাশক ম্যাক্স লেডেরার আগামী মাসের শেষ দিকে অবসরে যাওয়ার ঘোষণা দেন। এর কয়েক সপ্তাহ আগে তাঁর অজ্ঞাতে পেন্টাগন তাঁর অধীন একজন নতুন উপপ্রকাশক নিয়োগ করে। বর্তমানে দায়িত্বে থাকা ওই ব্যক্তি একজন সামরিক কর্মকর্তা।
গত বৃহস্পতিবার তিনজন ডেমোক্র্যাট সিনেটর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে নৌবাহিনীর ক্যাপ্টেন উইলিয়াম আরবানকে নতুন উপপ্রকাশক হিসেবে নিয়োগের কারণ জানতে চান।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মুখপাত্র শন পারনেল গত জানুয়ারিতে এক্সে জানিয়েছিলেন, স্টারস অ্যান্ড স্ট্রাইপস-কে সামরিক সদস্যদের প্রয়োজন অনুযায়ী পরিচালিত করা হবে। সামরিক অভিযান, অস্ত্রব্যবস্থা, শারীরিক সক্ষমতা, প্রাণঘাতী সক্ষমতা, টিকে থাকার সক্ষমতা ও সামরিক বাহিনীসংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
পেন্টাগন গত এপ্রিল মাসে সংবাদপত্রটির ন্যায়পাল জ্যাকুলিন স্মিথকেও বরখাস্ত করে। তাঁর দায়িত্ব ছিল সংবাদপত্রটির সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা করা। লেডেরার ছিলেন ওই পদে দায়িত্ব পালন করা দ্বিতীয় পূর্ণকালীন বেসামরিক ব্যক্তি।
চলতি সপ্তাহে কর্মীদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে লেডেরার বলেন, নেতৃত্ব সম্পর্কে তাঁর দর্শন এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর মূল্যবোধ ও লক্ষ্য নিয়ে তাঁর ধারণার সঙ্গে প্রতিষ্ঠানটির জন্য প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব নির্ধারিত দিকনির্দেশনার মৌলিক পার্থক্য রয়েছে।
