প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে কার্যকরভাবে পৌঁছে, সে জন্য একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
