বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার প্রতিশ্রুতিকে বাস্তব কর্মকাণ্ডে রূপ দিতে কার্যকর বাস্তবায়ন, বাস্তবমুখী সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে।
সোমবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিমসটেকের তিন দশক: যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্লু-ইকোনমির বিকাশ এবং জনকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার সাফল্য কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কার্যকর বাস্তবায়নের ওপরই এর সফলতা নির্ভর করে। তাই বিমসটেকের প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করে সদস্য দেশগুলোর অভিন্ন অঙ্গীকারকে বাস্তব উদ্যোগে রূপ দিতে হবে।
সেমিনারে উপস্থাপিত সুপারিশগুলো বাংলাদেশের বিমসটেক সভাপতিত্বকে আরও কার্যকর করতে এবং সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে বিমসটেকের মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডে বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, বিদ্যুৎ গ্রিড আন্তঃসংযোগ, জ্বালানি সহযোগিতা, সাইবার ও সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমন, পর্যটন, ভিসা সুবিধাকরণ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিমসটেকের সহযোগিতার পরিধি ক্রমাগত বিস্তৃত হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিপস) সভাপতি মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান (অব.)।
আলোচনায় বিমসটেকের তিন দশকের অগ্রযাত্রা পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
