প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে এ সফর হতে পারে।
এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ নির্ধারণের প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর সফর নিয়ে আলোচনা আরও এগোতে পারে।
তবে সম্ভাব্য সফরটি বাস্তবে অনুষ্ঠিত হবে কি না, সে ক্ষেত্রে কয়েকটি অমীমাংসিত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও রয়েছে। এসব বিষয়ে সমাধান বা অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে নরেন্দ্র মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান।
দুই নেতার এই বার্তা বিনিময়কে কেন্দ্র করে ভারত সফরের তারিখ দ্রুত নির্ধারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে সফরের সম্ভাব্য সময় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষই বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকা সফর করেন। বিশ্লেষকদের মতে, তাঁর এই সফর দুই দেশের সম্পর্কের অচলাবস্থা কাটাতে ভূমিকা রাখতে পারে।
তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে। সফরের সময়সূচি চূড়ান্ত করার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখা হচ্ছে।
