প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রাশেদ খাঁন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে রাশেদ খাঁনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি পর্যন্ত—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের পর সোমবার বেলা সাড়ে ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান রাশেদ খাঁন। পোস্টে তিনি এই দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
মুহাম্মদ রাশেদ খাঁন গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। পরে তিনি ঝিনাইদহ–৪ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেন। তবে ওই আসনে তিনি বিজয়ী হতে পারেননি।
