বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত চার নেতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সাক্ষাতে অংশ নেন স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। উনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে যে চিন্তা থেকে আমাদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা সে দায়িত্ব সর্বাত্মকভাবে পালনের চেষ্টা করব।’
এর আগে মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তাঁরা তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের চার নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় তাঁদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সদস্যদের মেধা ও বিচক্ষণতাকে কাজে লাগিয়ে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখার প্রত্যাশা করছে বিএনপি।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ নানা কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য যুক্ত করা হলেও এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে নেওয়া হলো।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ১৯ সদস্যের। নতুন চারজন যুক্ত হওয়ার আগে কমিটিতে সদস্য ছিলেন ১৩ জন। তাঁরা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
তবে এ তালিকায় থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করার পর তিনি দলের মহাসচিবসহ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে স্থায়ী কমিটিতে আরও একটি পদ শূন্য হয়েছে। অন্যদিকে রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় নন।
