ফ্লাইট বিলম্ব বা বাতিলের সময় সাময়িক থাকার সুবিধা পেতে পুরুষ ও নারীদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হবে
বিদেশগামী কর্মীদের জরুরি অবস্থায় সাময়িক আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনাস্থ হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) সকালে হজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে মন্ত্রণালয়ের উদ্যোগে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশগামী কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। তবে আকস্মিকভাবে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা অন্যান্য সংকটপূর্ণ পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি হজ ক্যাম্পে অতিরিক্ত ১০০টি শয্যা সংযোজন করা হবে।
তিনি জানান, নতুন এ আবাসনে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আরিফুল হক চৌধুরী বলেন, “বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরি আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ ক্যাম্পে শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।”
হজ ক্যাম্প পরিদর্শনের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
