আবহাওয়া ও দমকা হাওয়ার কারণে নিয়ন্ত্রণের বাইরে আগুন; ইউরোপজুড়ে জরুরি সহায়তা জোরদার
ফ্রান্স ও স্পেনে কয়েক দিন ধরে চলমান ভয়াবহ দাবানল আরও বিস্তৃত হওয়ায় তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় উভয় দেশ জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইউরোপীয় ইউনিয়নও সহায়তা জোরদার করেছে।
স্পেনে জরুরি অবস্থা জারি করা হলেও রাজধানী মাদ্রিদের বাইরে আবহাওয়ার সামান্য পরিবর্তন অগ্নিনির্বাপণ কার্যক্রমে কিছুটা সহায়তা করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সতর্ক করে বলেছেন, সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।
ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানল নেভানোর সময় মানিসেস এলাকার সাল্ট দে ল’আইগুয়া গিরিখাতে সত্তরোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ফ্রান্সে শনিবার গভীর রাতে আরও ৫৫ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে জিরোন্দ ও লঁদ অঞ্চলে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছেছে।
দমকল বাহিনীর অধিনায়ক নিকোলা ব্রাজ বলেন, আগুন এতটাই তীব্র যে এটি নিজস্ব বায়ুপ্রবাহ তৈরি করছে এবং কোথাও কোথাও ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার ভাষায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে এবং অত্যন্ত অনিশ্চিত। তিনি সামনে আরও কঠিন রাতের আশঙ্কার কথাও জানান।
পরিস্থিতি সামাল দিতে ফ্রান্স সেনাবাহিনী মোতায়েন করেছে। সেনারা আগুনের বিস্তার ঠেকাতে ঝোপঝাড় পরিষ্কার এবং ফায়ারব্রেক তৈরির কাজ করছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, যতদিন প্রয়োজন সরকার ততদিন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।
দাবানলের ধোঁয়া বোর্দো শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শহরের বাসিন্দারা বাতাসে তীব্র পোড়া গন্ধ অনুভব করছেন। বোর্দো থেকে নিরাপদ স্থানে সরে যাওয়া পর্যটক স্পেন্সার র্যান্ডাল জানান, পরিবার নিয়ে প্রায় ১০০ মাইল দূরে চলে এলেও এখনো দাবানলের গন্ধ পাওয়া যাচ্ছে। তার ভাষায়, প্রবল বাতাস আগুনকে আরও ভয়াবহ করে তুলেছে।
বোর্দোতে ছুটি কাটাতে যাওয়া ব্রিটিশ দম্পতি মেইজি ও ক্যালেব জানান, শুক্রবার সন্ধ্যার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মেইজি বলেন, “প্রথমে মনে হয়েছিল কেউ বারবিকিউ করছে।” ক্যালেব বলেন, “ছাই এসে পুরো সুইমিং পুল ঢেকে দিয়েছে, বাইরে হাঁটলে পা কালো হয়ে যাচ্ছে।” তিনি আরও জানান, ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
দাবানলের কারণে নিরাপত্তা বাহিনীকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েনের সুবিধার্থে বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা টুর দ্য ফ্রান্সের শেষ ধাপের দূরত্ব ১৩৩ কিলোমিটার থেকে কমিয়ে ৮৯ কিলোমিটার করা হয়েছে।
ফ্রান্সে বর্তমানে প্রায় ৩০টি বড় দাবানল সক্রিয় রয়েছে। পরিস্থিতিকে সরকার নজিরবিহীন বলে উল্লেখ করেছে। এ বিষয়ে প্রেসিডেন্ট মাখোঁ মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।
স্পেনেও মাদ্রিদের আশপাশে আগুন ছড়িয়ে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো গ্রান্দে-মারলাস্কা বলেন, বাতাসের গতিপথ পরিবর্তিত হলে আগুন দক্ষিণ দিকে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং সামনের রাতটি কঠিন হতে পারে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাদ্রিদ ও আভিলা অঞ্চল থেকে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ২৮ হাজার বাসিন্দাকে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শনিবার গভীর রাতে তোলেদোর কাছে অন্তত আটটি পৌরসভা খালি করার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন, চলতি বছরে স্পেনে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গেছে, যেখানে গত এক দশকে বার্ষিক গড় ছিল ১ লাখ হেক্টর। অন্যদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ ন্যুনেজ জানিয়েছেন, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে ৯৮ হাজার হেক্টরের বেশি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতালির সিসিলি দ্বীপেও ৩৫০টির বেশি স্থানে আগুন লেগেছে, যার মধ্যে অন্তত ১০টি বড় অগ্নিকাণ্ড। সেখান থেকেও বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্কটল্যান্ডের কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কে টানা ১০ দিন ধরে চলা দাবানলের কারণে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে।
ইউরোপীয় ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার হাদজা লাহবিব বলেছেন, চলতি বছর ইউরোপে দাবানলের ক্ষয়ক্ষতি আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। তিনি জানান, গত গ্রীষ্মে প্রায় ১০ লাখ হেক্টর এলাকা পুড়ে গেলেও এবার আগুনের মৌসুম আরও আগে শুরু হয়েছে। তার ভাষায়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে আরও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, ফলে নতুন নতুন দাবানল দেখা দিতে পারে।
ফ্রান্স ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করেছে। এর আওতায় ক্রোয়েশিয়া থেকে তিনটি কানাডেয়ার বিমান, পর্তুগাল থেকে দুটি এয়ার ট্র্যাক্টর, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং রোমানিয়া থেকে ৪০ সদস্যের বন অগ্নিনির্বাপণ দল পাঠানো হচ্ছে।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের অগ্নিনির্বাপণ বহর থেকে অতিরিক্ত ১১টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ফ্রান্স ও স্পেনের দাবানল মোকাবিলায় মোতায়েন করা হয়েছে।
