এএফপি, নিউইয়র্ক
ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী। লাভজনক সম্প্রচার ও বিপণনস্বত্ব পাওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত বাবা ও ছেলে হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস গত বৃহস্পতিবার মার্কিন কৌঁসুলিদের সঙ্গে সমঝোতা চুক্তির অংশ হিসেবে এ স্বীকারোক্তি দেন।
জিনকিসরা ২০১৫ সালে ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোকে ঘিরে শুরু হওয়া বড় ধরনের দুর্নীতি তদন্তে অভিযুক্ত হন। ওই তদন্তের অংশ হিসেবে জুরিখে ফিফার কর্মকর্তাদের ওপর অভিযান চালানো হয়। পরে একাধিক গ্রেপ্তার, বিচার, দোষী সাব্যস্ত হওয়া এবং অপরাধ স্বীকারের ঘটনা ঘটে।
মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তিটি ‘ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট’ বা মূলতবি অভিশংসন চুক্তির আওতায় হয়েছে। এর অধীনে যুক্তরাষ্ট্র জিনকিসদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করবে।
চুক্তি অনুযায়ী, হুগো ও মারিয়ানো জিনকিস ফিফা, কনক্যাকাফ ও কনমেবলকে প্রতারিত করার একটি পরিকল্পনা করার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তাঁরা পাঁচ কোটি ডলার বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন।
আদালতের নথিতে বলা হয়েছে, জিনকিসরা বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও বিপণনস্বত্ব পাওয়ার জন্য ফুটবল কর্মকর্তাদের সমর্থন আদায়ের উদ্দেশ্যে কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ দিয়েছেন এবং দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন।
আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহমালিক হুগো ও মারিয়ানো জিনকিস। নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো প্রতিযোগিতার ম্যাচের সম্প্রচারস্বত্ব পাওয়ার জন্য তাঁরা ঘুষের আশ্রয় নিয়েছিলেন।
২০১৫ সালে প্রকাশ্যে আসা এই তদন্ত ফিফা ও আমেরিকা অঞ্চলের ফুটবল প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে তদন্তের ধারাবাহিকতায় ফুটবলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রমও হয়।
