আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে বিদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরাইল। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) জানিয়েছে, বিদেশে থাকা ইসরাইলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়েছে। এর অংশ হিসেবে ইসরাইলিদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশকে চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি সরকারের আশঙ্কা, ইরান ও তাদের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠী বিদেশে থাকা ইসরাইলিদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। আগামী অক্টোবরে ইসরাইল-হামাস সংঘাতের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী বিক্ষোভ ও সহিংসতা বাড়তে পারে বলেও ধারণা করছে দেশটি।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়ায় ভ্রমণের ক্ষেত্রেও ইসরাইলিদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সম্ভব হলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে ইরান, সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে ইসরাইলিদের যাতায়াত আইনত নিষিদ্ধ রয়েছে। জর্ডান, কাতার, মিসর ও তুরস্ককেও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে।
বিদেশে অবস্থানরত ইসরাইলি নাগরিকদের নিজেদের পরিচয় গোপন রাখার পরামর্শ দিয়েছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
জনসমক্ষে হিব্রু ভাষায় কথা বলা, ধর্মীয় পোশাক বা প্রতীক ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলতে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়ার ব্যবস্থা সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।
