বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর ফলে পাকিস্তানের বাজারে বাংলাদেশি আনারস রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানে বাংলাদেশি আনারসের চাহিদা রয়েছে। দেশটির বাজারে আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় ভবিষ্যতে অন্যান্য কৃষিপণ্য ও ফল আমদানি-রপ্তানির ক্ষেত্রেও দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি আনারস পাকিস্তানে রপ্তানির সুযোগ তৈরির পেছনে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের যোগাযোগ ও ধারাবাহিক উদ্যোগ ভূমিকা রেখেছে। কয়েক বছর ধরে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, করাচির বাংলাদেশ উপহাইকমিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় পাকিস্তান সরকার বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের মতে, আনারস রপ্তানির এই সুযোগ দুই দেশের কৃষিপণ্য ও ফলের বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামগ্রিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও এটি ভূমিকা রাখতে পারে।
