বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। এ সময় দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম আলজেরীয় রাষ্ট্রদূতকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগগুলো খুঁজে দেখার অনুরোধ জানান। তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সুযোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের বিষয়েও দুই দেশের মধ্যে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।
এ ছাড়া আলজেরিয়ার বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার এবং খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা গভীর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অন্যদিকে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার আগ্রহের কথা জানান। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে উচ্চপর্যায়ের সফরের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।
