বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিল্প ও অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবাসহ সম্ভাবনাময় খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।
হুমায়ুন কবির মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে পারলে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ যোগাযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। তাঁর ভাষ্য, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা নতুন বিনিয়োগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি করছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
অতুল কেশাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বিজনেস কাউন্সিলের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষই একমত হয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল ও দীর্ঘমেয়াদি করতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, সম্পৃক্ততা ও অংশীদারত্ব আরও গভীর করা প্রয়োজন।
