চলতি মূলধনের সংকটে থাকা ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) প্রতিষ্ঠানকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক মো. জবদুল ইসলাম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এই ঘূর্ণায়মান তহবিলটি তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এবং এর মেয়াদ তিন বছর। স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।
প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে গ্রাহকরা তিন থেকে ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধাও পেতে পারেন।
এই তহবিলের মূল লক্ষ্য হলো এমন সিএমএসএমই প্রতিষ্ঠানকে অর্থায়ন করা, যারা পর্যাপ্ত চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে পারছে না। তবে সিআইবি খেলাপি ঋণগ্রহীতারা এ স্কিমের আওতায় সুবিধা পাবেন না।
