ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন আয়োজন করা হয়।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।গ্রাহকসেবায় গুরুত্ব
প্রধান অতিথির বক্তব্যে মো. এহতেশামুল হক খান বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং আর্থিক অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে কার্যকরভাবে অবদান রাখার আহ্বানও জানান তিনি।
সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও তারা আশ্বস্ত করেন।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনের মাধ্যমে অংশ নেন।
