ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলিবর্ষণের ঘটনায় এক তরুণ ও তরুণীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের র্যাব-১-এর কার্যালয়ে নেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানায় দায়ের করা মামলায় ওই দুজনকে গ্রেফতার দেখানো হয়। এরপর গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তাদের নিয়ে ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ।যেভাবে ঘটনার সূত্রপাত
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থামে। গাড়ি থেকে এক তরুণ ও তরুণী চা খেতে নামেন।
এ সময় স্থানীয় কয়েকজন ওই তরুণকে প্রাইভেটকারটি পাশে সরিয়ে দাঁড় করানোর কথা বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই তরুণ গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পরে তারা প্রাইভেটকার নিয়ে খুলনা সড়কের দিকে চলে যান।
ঘটনার সময় ছোটাছুটিতে দুজন আহত হন। গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি যমুনা টিভিতে প্রচারিত এবং দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্ত করছেন ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান।
তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে পুলিশ ও র্যাবের একটি দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। এরপর গুলি করার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাদের নিয়ে ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, অস্ত্র উদ্ধার হলে রাতে আসামিদের ভাঙ্গা থানায় হাজির করা হবে। এরপর বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হতে পারে।
