ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে চীনা উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিকে বেসেন্ট জানান, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে সেই আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওয়াশিংটন সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের আগেই বেসেন্ট ও হি লিফেংয়ের বৈঠক হওয়ার কথা।
তবে বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি কী হবে, তা বেসেন্ট জানাননি। একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য আলোচনার বিষয়গুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থাকতে পারে।
এর আগে বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণার কথা বলেছিলেন। পাশাপাশি তেহরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার। দেশটি ইরানের উৎপাদিত তেলের বড় অংশ কিনে থাকে। কূটনৈতিক ক্ষেত্রেও চীন তেহরানের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে রয়েছে।
