সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা শ্রেয়া কালরা নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী হয়েছেন। দীর্ঘ প্রতিযোগিতা ও নানা বিতর্কের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছে তিনি ট্রফির পাশাপাশি ১ কোটি রুপি পুরস্কার জিতেছেন।
১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন শ্রেয়া কালরা। এমবিএ ডিগ্রিধারী এই কনটেন্ট নির্মাতা টিকটকে নাচ ও লিপসিংক ভিডিও প্রকাশের মাধ্যমে প্রথম পরিচিতি পান। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর তিনি ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিয়মিত কনটেন্ট তৈরি শুরু করেন। ফ্যাশন, লাইফস্টাইল, বিনোদন ও নাচের ভিডিওর মাধ্যমে তিনি বড় একটি অনুসারী গোষ্ঠী তৈরি করেন।
ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০২০ সালে ‘এমটিভি রোডিজ রেভোল্যুশন’-এ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেন শ্রেয়া। এরপর তিনি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেন। কৌতুকশিল্পী ও রিয়েলিটি শো বিজয়ী মুনাওয়ার ফারুকির সঙ্গে ‘দ্য সোসাইটি’-এর দ্বিতীয় মৌসুম সঞ্চালনা করেন। পাশাপাশি ‘ডোন্ট স্পিল টু মাচ’ নামে একটি পডকাস্টও পরিচালনা করছেন। এছাড়া কয়েকটি ওটিটি মিনিসিরিজেও অভিনয় করেছেন তিনি।
‘লক আপ ২’-এ শুরু থেকেই পরিকল্পিত কৌশল, স্পষ্ট বক্তব্য এবং মানসিক দৃঢ়তার কারণে আলোচনায় ছিলেন শ্রেয়া। বিভিন্ন টাস্কে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতিতেও আত্মবিশ্বাস বজায় রাখেন তিনি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা পান।
প্রতিযোগিতার সময় একাধিক বিতর্কেও জড়ান শ্রেয়া কালরা। শিবাঙ্গী জোশী, আকাঙ্ক্ষা চৌধুরী, যোগেশ রাওয়াত ও হর্ষদ চোপড়ার সঙ্গে তাঁর কয়েক দফা তীব্র বাকবিতণ্ডা হয়।
সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়, যখন তিনি এক প্রতিযোগীর স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করেন। এ ঘটনার পর বাড়ির অধিকাংশ সদস্য তাঁর বিরোধিতা করেন এবং তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরে শিলপা শিন্দের সঙ্গেও তাঁর প্রকাশ্য মতবিরোধ হয়। সে সময় শিলপার অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নিজের প্রকৃত মতামত গোপন করার অভিযোগও করেন শ্রেয়া।
নানা বিতর্ক সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বাদ পড়েননি শ্রেয়া। বরং প্রতিটি পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে যান। পুরো মৌসুমে তাঁর প্রভাবশালী উপস্থিতি ও স্পষ্ট অবস্থানের কারণে অনেক দর্শক মজা করে ‘লক আপ ২’-কে ‘দ্য শ্রেয়া কালরা শো’ বলেও উল্লেখ করেন।
শেষ পর্যন্ত দর্শকদের সমর্থন এবং ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ট্রফি ও ১ কোটি রুপি পুরস্কার জিতে ‘লক আপ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হন শ্রেয়া কালরা।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস অবলম্বনে
