দেশের তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সব জেলায় দুই মাসব্যাপী বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবারের ভাতা দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।
তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে।
চূড়ান্ত ফলাফল ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
