সরকারের সমালোচনা করার পাশাপাশি বিরোধী দলকে জনস্বার্থের বিষয় নিয়ে নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে মাঠে থাকার পরামর্শ দিয়েছেন বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা। একই সঙ্গে অতীতের মতো সহিংসতা, অসহিষ্ণুতা ও অস্থিতিশীলতার রাজনীতিতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় সম্পাদকরা এসব পরামর্শ দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, সম্পাদকরা বিরোধী দলের নেতাদের সরকারের বিরোধিতা করার পাশাপাশি গঠনমূলক সমালোচনা এবং জনগণের দাবিতে প্রয়োজন হলে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন। তবে সেই আন্দোলন যেন সহিংস বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে, সে বিষয়েও সতর্ক থাকতে বলেছেন তাঁরা।
তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতের বিরোধী দলগুলোর মতো অসহিষ্ণুতা কিংবা সহিংসতার পথে না গিয়ে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন সম্পাদকরা। এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরের সহযোগিতাও চেয়েছেন কয়েকজন সম্পাদক।
মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে চলমান সংকটের বিষয়েও আলোচনা হয়।
গোলাম পরওয়ার বলেন, প্রচলিত বিরোধী রাজনীতির নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে সরকারকে ভালো কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করার নীতিতে জামায়াতে ইসলামী অটল রয়েছে। দলটির এই অবস্থানের কথা সম্পাদকদের জানানো হয়েছে।
তিনি বলেন, সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতা এবং বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা—এই নীতির মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেছেন সম্পাদকরা।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের ভাষ্য, সব অন্যায় ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দল প্রতিবাদ অব্যাহত রাখবে। তবে সেই প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক।
সভায় অতীতে বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মসূচির কারণে দেশ অস্থিতিশীল হওয়ার ঘটনাগুলোও আলোচনায় আসে। সম্পাদকরা মনে করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সরকারেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
গোলাম পরওয়ার জানান, উন্নয়নকাজে বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রে সরকারি দলের কাছ থেকে ন্যায্য আচরণ না পাওয়ার বিষয়টি সভায় তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সত্য তুলে ধরতে সম্পাদকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এসব বিষয়ে জামায়াতের আমিরের সঙ্গে সম্পাদকদের প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।
সভায় উপস্থিত সম্পাদকদের মধ্যে ছিলেন যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকরা।
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এ বিষয়ে ১১-দলীয় ঐক্য কোনো ছাড় দেবে না। সংসদে বিষয়টির সমাধান হলে ভালো, তা না হলে রাজপথে থাকার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, সভায় উপস্থিত হতে না পারা কয়েকজন সম্পাদক তাঁদের অনুপস্থিতির কারণ জানিয়ে জামায়াতের সঙ্গে যোগাযোগ করেছেন। গণমাধ্যমের সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি। সম্পাদকদের সঙ্গে এই বৈঠককে সেই সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন গোলাম পরওয়ার।
