২০২৬ বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রতিটি ফুটবলার প্রায় ১২ লাখ মার্কিন ডলার করে বোনাস পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। তবে বিশ্বকাপজয়ী স্পেনের এক ফুটবলার নিজের বোনাসের অর্থ না নিয়ে তা দেশটির ফুটবল ফেডারেশনের কর্মীদের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলের এই সাফল্যের পেছনে ২৬ ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যদের পাশাপাশি মাঠের বাইরের ফেডারেশনের কর্মীদেরও ভূমিকা ছিল। তাঁরা দলের ক্যাম্প ও পুরো টুর্নামেন্টের ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে কাজ করেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শুরুর আগেই স্পেনের খেলোয়াড় ও ফেডারেশনের মধ্যে বোনাস নিয়ে চুক্তি হয়েছিল। দল যত দূর এগোবে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাসের পরিমাণও তত বাড়বে। বিশ্বকাপ জয়ের পর প্রত্যেক খেলোয়াড়ের বোনাস দাঁড়ায় প্রায় ১২ লাখ ডলারে।
ওই ফুটবলার নিজের বোনাসের অর্থ নিজের জন্য না রেখে ফেডারেশনের কর্মীদের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। তাঁর ইচ্ছা ছিল, এই উদ্যোগের সঙ্গে ব্যক্তিগত প্রচারের কোনো সম্পর্ক না থাকুক। দলের সাফল্যের পেছনে থাকা ফেডারেশনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
স্পেন দলের বিশ্বকাপকেন্দ্রিক ব্যস্ততা শুরু হয়েছিল জুনের শুরুতে। প্রায় দুই মাস দলের সঙ্গে থেকে ফেডারেশনের কর্মীরা ভ্রমণ, অনুশীলন, আবাসনসহ মাঠের বাইরের বিভিন্ন কাজ সামলেছেন। ওই ফুটবলার মনে করেন, দলের বিশ্বকাপযাত্রায় তাঁরাও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
২০২৬ বিশ্বকাপ জয়ের পর ফিফার কাছ থেকে স্পেনের ফুটবল ফেডারেশন প্রায় ৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পেয়েছে।
